কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২২ শ্রাবণ (৮ আগস্ট) ঢাকা-কলকাতার মধ্যে চালু হতে যাচ্ছে আরেকটি যাত্রীবাহী ট্রেন ‘সোনার তরী’। উদ্বোধনী ট্রেনটি আগের দিন ৭ আগস্ট কলকাতা থেকে ঢাকায় যাবে। এই ট্রেনে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকা যাওয়ার কথা। ৮ আগস্ট সোনার তরীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ঢাকায়। এরপর এই ট্রেনেই ফিরে আসতে পারেন প্রণব-মমতা। সোনার তরীর উদ্বোধন নিয়ে গতকাল শুক্রবার বিকেলে রেলের হেরিটেজ ও কালচারাল কমিটির চেয়ারপারসন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, ৭ আগস্ট সকালে কলকাতা থেকে সোনার তরী ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ঢাকায় এই ট্রেনযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকা যাওয়ার কথা। এ ছাড়া এই ট্রেনে কলকাতার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিসহ সাংবাদিকদের একটি দলও যাওয়ার কথা। প্রসঙ্গত, মমতা এবার ভারতের রেল-বাজেট ঘোষণার দিন কবিগুরুর ১৫০তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের সঙ্গে ভারতের আরেকটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালুর ঘোষণা দেন। ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের সুপ্রভাতে দুই দেশের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী চালু হয়। কলকাতায় ওই ট্রেনের শুভযাত্রা করেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। একই দিন বাংলাদেশ থেকেও শুভযাত্রা হয় মৈত্রী ট্রেনের।