ঢাকা-কলকাতা রুটে ২৭ মার্চ থেকে নভোএয়ারের ফ্লাইট ফের চালু
ঢাকা-কলকাতা গন্তব্যে ২৭ মার্চ থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি এয়ারলাইনস সংস্থা নভোএয়ার।
নভোএয়ার এই গন্তব্যে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে। আজ বুধবার সকালে নভোএয়ার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে কলকাতার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে।
আর কলকাতা থেকে প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে।
ভ্রমণপিপাসুদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নভোএয়ার।
নভোএয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষÿ২৭ মার্চ থেকে শিডিউল বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশে ২০২০ সালের ২৫ মার্চ থেকে কলকাতায় শিডিউল বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল।
তবে পরিস্থিতি বিবেচনায় বাণিজ্যিক ফ্লাইটের পরিবর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ফ্লাইট চালু ছিল।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার গন্তব্যে ৮টি, চট্টগ্রামে ৫টি, সৈয়দপুরে ৫টি, যশোরে ৫টি, সিলেটে ৩টি, বরিশাল ১টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।