ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ২০ জনকে আটক করেছে।
সাধারণ ছাত্ররা জানান, কলেজের বহিষ্কৃত কমিটির সাধারণ সম্পাদক সাকিব হাসানের দুটি উপদলের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। সাকিব হাসানের ঘনিষ্ঠ রিংকু রহমান ও সাবেক কমিটির প্রচার সম্পাদক সোহেল রানা গ্রুপ দুটির নেতৃত্বে আছেন। হলের সিট ভাগাভাগি ও কমিটিতে নিজেদের আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
সাকিব হাসান প্রথম আলোকে বলেন, কলেজে কমিটি না থাকায় এক মাস ধরে ময়মনসিংহ অঞ্চলের ছাত্রলীগের নেতারা একটা কোরাম করতে চাচ্ছেন। তাঁরাই পরিকল্পিতভাবে রিংকু ও তাঁর সহযোগীদের ওপর হামলা করে তাঁদের হলছাড়া করেছেন।
অন্যদিকে সোহেল গ্রুপের নেতা-কর্মীরা অভিযোগ করেন, রোববার বিকেলে ছাত্রাবাসের মাঠে মাসুদ রানা ও মির্জাকে মারধর করেন রিংকু। এতে ক্ষিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালান।
ছাত্ররা জানান, দুই পক্ষের বিরোধের কারণে রোববার বিকেল থেকেই কলেজে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার পর থেকে পুলিশ মোতায়েন করে কর্তৃপক্ষ। রাত পৌনে একটার দিকে তাঁরা হঠাৎ গুলির শব্দ পান। এ সময় দৌড়াদৌড়ি শুরু হয়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে ১০-১৫ জন শিক্ষার্থী হলের জানালা দিয়ে বেরিয়ে পড়েন। ভেতরে আলো বন্ধ থাকায় কেউ কিছুই দেখতে পাচ্ছিলেন না। মুহুর্মুহু ককটেলের আওয়াজে চারদিক প্রকম্পিত হয়ে ওঠে। দুই পক্ষ দুই দিকে অবস্থান নিয়ে একে অপরের দিকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এ সময় শিক্ষকেরা ছাত্রদের ভেতরে যাওয়ার জন্য মসজিদের মাইক থেকে বারবার ঘোষণা দিচ্ছিলেন। রাত পৌনে একটায় শুরু হওয়া সংঘর্ষ এক ঘণ্টার বেশি সময় ধরে চলে। এ সময় আখতারুজ্জামান ইলিয়াস হলে রিংকুর কক্ষসহ অন্তত ১৫টি কক্ষ ভাঙচুর করা হয়। হামলার সময় সাকিব হাসানের মোটরসাইকেল ছাত্ররা পুড়িয়ে দেন। তাঁর কক্ষটিও ভাঙচুর করা হয়। একটা ১০ মিনিটে পুলিশ হলের ভেতরে যেতে চাইলে পুলিশকে লক্ষ্য করেও গুলি ও ককটেল ছোড়া হয়। সংঘর্ষ থামার এক ঘণ্টা পরে পুলিশ সব হলে তল্লাশি চালায়। হলের ভেতর থেকে চারটি চাপাতি, ছয়টি রামদা, রড ও বাঁশের লাঠিসহ কয়েকটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। পুলিশ এসব জব্দ করে। তল্লাশির সময় পরিচয়পত্র না থাকা ২০ জনকে পুলিশ আটক করে।
ভোররাতে হলগুলোতে তল্লাশি শেষে ডিএমপির যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, দুষ্কৃতকারী ও অস্ত্রধারীরা যারাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।