ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেনের পথ ধরে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলেছে ঢাকা কলেজ। গতকাল রোববার কলেজের মূল ফটকের সামনে ‘ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে আন্দোলনরত ছাত্র পরিষদ’ ব্যানারে মানববন্ধন করা হয়।
এর আগে গত শনিবার ছাত্ররা কলেজ ক্যাম্পাসে ‘অনির্ধারিত’ সমাবেশে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। মূলত ছাত্রলীগের নেতা-কর্মীরাই এ আন্দোলনের কলকাঠি নাড়ছেন বলে জানিয়েছেন একাধিক আন্দোলনকারী। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ঢাকা কলেজে ছাত্রলীগের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। পরবর্তী কমিটিতে ভালো পদ পেতে ছাত্রলীগের কর্মীরাই এ আন্দোলনে যোগ দিচ্ছেন।
১৩ ফেব্রুয়ারি বাম ছাত্রসংগঠনগুলো ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি তোলে। এর মধ্যে এক দিন মানববন্ধনও করে তারা। কিন্তু পূর্বঘোষণা ছাড়াই শনিবার হঠাৎ করে অন্তত এক হাজার শিক্ষার্থী মানববন্ধনে যোগ দেন।
এক মাস ধরে একই দাবিতে আন্দোলন করে আসছেন ইডেন কলেজের ছাত্রীরা। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২ মার্চ তাঁরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন। ইডেনের কর্মসূচির মতো একই ধরনের কর্মসূচি দিয়েছেন ঢাকা কলেজের আন্দোলনকারীরাও। তাঁরা এক সপ্তাহের মধ্যে অন্যান্য কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।