ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষে গোলাগুলি, আট নেতা বহিষ্কৃত
ঢাকা কলেজে গতকাল সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি গতকাল রাতেই কলেজ ছাত্রলীগের আট নেতাকে বহিষ্কার করেছে। পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে ফুয়াদ হাসানকে সভাপতি ও শাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে কলেজ ছাত্রলীগের নতুন কমিটি হয়। গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি ও ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র আবদুল্লাহ হিল মাহমুদ ওরফে সোহেল বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর তাঁরা সাত-আটটি ফাঁকা গুলি করেন ও ১৫ থেকে ২০টি বোমার বিস্ফোরণ ঘটান। এ সময় কলেজ ছাত্রলীগের সহসভাপতি আমিন আহমেদ চৌধুরী ওরফে রোমেলের নেতৃত্বে প্রতিপক্ষের কর্মীরা পাল্টা গুলি ছোড়েন। এতে কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ছাত্রাবাসাগুলোতে অভিযান চালিয়ে লাঠি-রডসহ দেশি অস্ত্র উদ্ধার করে। এ বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সভাপতি ফুয়াদ হাসান বলেন, ‘গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। ছেলেরা পিকনিক করছিল। একপক্ষ আতশবাজি ফোটাচ্ছিল। এটা দেখে অন্যরা আতশবাজি ফোটায়।’ ছাত্রলীগের কলেজ কমিটির সাধারণ সম্পাদকও একই দাবি করেন। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি গুলির কথা নিশ্চিত করেন। তিনি বলেন, এই ঘটনায় কেন্দ্রীয় কমিটি আটজনকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা হলেন: শরীফুল, রনি, শাহিন, হূদয়, রোমেল, শাওন, আশরাফ ও সোহেল। তাঁরা সবাই ঢাকা কলেজ ছাত্রলীগ কমিটির বিভিন্ন পদে থাকা নেতা।সিদ্দিকী নাজমুল আলম বলেন, বহিষ্কৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকেও অনুরোধ করবেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত।