ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রাবাস নিয়ন্ত্রণ করা নিয়ে ঢাকা কলেজে গত শনিবার গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে অন্তত ১৫ জন ছাত্র আহত হয়েছেন। আহত ছাত্রদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক তারেক (২১), একই বিভাগের প্রথম বর্ষের আকাশ (১৮) ও সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জনি (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত দুইটার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম ওরফে টিটুর সমর্থক নেতা-কর্মীরা আরেক সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ ওরফে তারেকের সমর্থকদের ওপর লাঠিসোঁটা ও বন্দুক নিয়ে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে পালটাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে আকাশের পিঠে ও জনির ডান পায়ে গুলি লাগে। আর তারেক আহত হন লাঠিপেটায়। এ ঘটনায় আরও ১২ জন ছাত্র আহত হয়েছেন। নিউমার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঢাকা কলেজের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে ক্যাম্পাসে উত্তেজনা আছে।