ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
ঢাকা কলেজে গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ফারুক নামের এক ছাত্র নিহত হয়েছেন। তিনি ঢাকা কলেজের প্রাণিবিদ্যায় স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন ওই ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গতকাল রাত ১২টার দিকে ঢাকা কলেজের নর্থ সাউথ হলে ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সভাপতি ফুয়াদ হাসান ও সাধারণ সম্পাদক সাকিব হাসানের পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ফারুকসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ফারুকের গলায় গুলি লেগেছিল।
সাকিব হাসান দাবি করেন, তাঁর দুজন অতিথি ঢাকা কলেজের পাশে একটি মার্কেটের সামনে যান। সভাপতিপক্ষের নেতা ও ঢাকা কলেজের ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক উজ্জল খান তাঁদের কাছ থেকে টাকাপয়সা ছিনতাই করেন। পরে এ দুজন এসে তাঁর কাছে বিচার দেন। তিনি তাঁর কয়েকজন কর্মীকে সাউথ হলে উজ্জল খানকে নিয়ে আসার জন্য পাঠান। ওই সময় উত্তেজিত হয়ে উজ্জল ও সভাপতি পক্ষের কর্মীরা গুলি করেন।
তবে সভাপতি ফুয়াদ হাসান বলেন, সাধারণ সম্পাদকপক্ষের ওই কর্মীরা সাউথ হলে গিয়ে ওই কক্ষে ভাঙচুর করায় সংঘর্ষের সূচনা হয়। ছিনতাইয়ের বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।