ঢাকা কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ রোববার ঢাকা কলেজে এক শিক্ষককে গালাগাল ও লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। ওই কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ইডেন কলেজ ছাত্রলীগের এক নেত্রী নকল করার সময় তাঁকে বাধা দেওয়ায় তাঁর পক্ষ হয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটান।

এ নিয়ে শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। 

কলেজ সূত্রমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান তৃতীয় বর্ষ পরীক্ষা চলাকালে আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ইডেন কলেজের ছাত্রীরা ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। এর মধ্যে ছাত্রলীগের এক নেত্রী নকল করতে চাইলে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলাউদ্দিন সরকার তাতে বাধা দেন। এ ঘটনার জেরে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতা সাগর ও রনির নেতৃত্বে ওই শিক্ষককে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রথম আলো ডটকমকে বলেন, বিষয়টি একেবারেই ব্যক্তিগত বিষয়। এখানে সাংগঠনিকভাবে ছাত্রলীগের কেউ কিছু করেননি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম প্রথম আলো ডটকমকে বলেন, ‘একটি ছোট ঘটনা ঘটেছে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনা মীমাংসা করে দেওয়া হয়েছে। ওই ছাত্ররা শিক্ষকের কাছে মাফ চেয়েছে এবং বলেছে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটাবে না।’