ঢাকা কলেজে পুলিশের তল্লাশি, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
ঢাকা কলেজে আধিপত্য বিস্তার নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গত শনিবার গভীর রাতে সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করা হলেও গতকাল রোববার নয়জনকে গ্রেপ্তার দেখিয়ে অন্যদের ছেড়ে দেওয়া হয়।
এই নয়জন হলেন: কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি আমিন আহমেদ চৌধুরী, রুবেল আহমেদ, সোহেল রানা, এ বি এম মাযহারুল আলম, হারুন অর রশিদ, রেজাউল করিম, আল আমিন, নয়ন কুমার পাল ও হাসানুজ্জামান। তাঁদের মধ্যে আমিন আহমেদকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় নিউমার্কেট থানায় করা মামলায় এবং অন্যদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কলেজের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, গত মাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে শনিবার রাতেও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন ছাত্রলীগের পক্ষগুলোর নেতা-কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে পুলিশ হলে হলে তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের আটক করে।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, মারামারির প্রস্তুতির খবর পেয়ে রমনা বিভাগের ছয়টি থানার পুলিশ ঢাকা কলেজে যৌথ অভিযান চালায়। অভিযানে শতাধিক চাপাতি, দা, লাঠি ও রড এবং পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ৫০ জনের বেশি ছাত্রকে আটক করা হয়। যাচাই শেষে গতকাল নয়জনকে আদালতে পাঠানো হয়।
রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, আটক ছাত্রদের নিয়ে শিক্ষকদের সঙ্গে বসে নিরীহদের ছেড়ে দেওয়া হয়েছে।