ঢাকা কলেজে প্রবীণ-নবীনের মিলনমেলা
আড্ডা, স্মৃতিচারণা, ক্যাম্পাসে ঘোরাঘুরিসহ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান।
অনুষ্ঠান ঘিরে কলেজ ক্যাম্পাসে বসেছিল প্রবীণ-নবীনের মিলনমেলা। এতে কয়েক দশক আগের শিক্ষার্থীরা যেমন এসেছিলেন, তেমনি নতুন প্রজন্মের শিক্ষার্থীরাও এসেছিলেন।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পর্ব থাকলেও কলেজজীবনের স্মৃতিচারণাই হয়ে ওঠে আলোচনার মূল বিষয়।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রাক্তন ছাত্র মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা কীভাবে শিক্ষকেরা তাঁদের শিক্ষাদান করতেন, সেসব কথা তুলে ধরেন। তিনি বলেন, তখন শিক্ষকেরা যেমন ছিলেন উঁচু মানের, তেমনি তাঁরা উঁচু মানের মানুষ হওয়ার শিক্ষা দিতেন।
কলেজের প্রথম নারী শিক্ষক রওশন আরা রহমান বলেন, ১৯৫৯ সালে প্রথম যখন কলেজে যোগ দেন, তখন সহকর্মীদের অনেকে যেমন অবাক হয়েছিলেন, অনেকে অসন্তুষ্টও হয়েছিলেন।
শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল ছাত্রদের উদ্দেশে বলেন, ক্লাসের বাইরের শিক্ষাটাই বড় শিক্ষা।
ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান, সেলিমা খাতুন, ক্রীড়াব্যক্তিত্ব এ এস এম রকিবুল হাসান প্রমুখ।