ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অর্থনীতি বিভাগের প্রধান রোকসানা আলম কাদরিকে প্রধান করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেন, একটি ঘটনা ঘটেছে, এখন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে অধ্যক্ষ শিক্ষকদের সঙ্গে সভা করেন। সেখানে তিনি অভিযুক্ত দুই ছাত্রকে (ছাত্রলীগ নেতা) বহিষ্কার করার আশ্বাস দেন। তিনি অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তাঁদের বিভাগের প্রতি আহ্বান জানান।

গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান তৃতীয় বর্ষ পরীক্ষা চলাকালে ঢাকা কলেজ কেন্দ্রে ইডেন কলেজের এক ছাত্রলীগ নেত্রী নকল করতে চাইলে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলাউদ্দিন সরকার বাধা দেন এবং নকল কেড়ে নেন। এই ঘটনার জেরে কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতা সাগর ও রনির নেতৃত্বে ওই শিক্ষককে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন শিক্ষকেরা। এ
নিয়ে প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় গতকাল প্রতিবেদন প্রকাশিত হয়।