ঢাকা কলেজে সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আসাদুজ্জামান ফারুক নামের এক শিক্ষার্থী মারা গেছেন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা কয়েকটি গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটান। ফারুক মাথায় গুলিবিদ্ধ হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা ফারুককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত আরও তিনজন হাসপাতালে চিকিত্সাধীন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে ফারুকের মৃত্যু সংবাদে পঞ্চগড়ে তাঁর বাড়িতে চলছে মাতম। তাঁর বাড়ি পঞ্চগড় শহরের পঞ্চগড় চিনিকল কলোনিতে। নিহত ফারুক চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় এবং দুই ভাইয়ের মধ্যে বড়। বড় বোনের বিয়ে হয়েছে। একমাত্র ছোট ভাই অলিউল ইসলাম রুয়েটের শিক্ষার্থী এবং ছোট বোন আলো পঞ্চগড় সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র ফারুক স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরির পরীক্ষার জন্য ১০ দিন আগে ঢাকায় আসেন তিনি।

ফারুকের বাবা মুনির হোসেন চিনিকল জামে মসজিদের মোয়াজ্জিন। তিনি জানান, ‘হোস্টেলে গিয়ে চাকরির জন্য পড়াশোনা করবে, এমন কথা বলে ফারুক ঢাকায় যায়। চাকরি নিয়ে পছন্দের মেয়েকে বিয়ে করার কথা। দুদিন আগেও মুঠোফোনে বাড়ির খোঁজখবর নিয়েছে।’

মুনির হোসেন আরও বলেন, ‘অনেক কষ্টে ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছি। আশা ছিল বড় ছেলে চাকরি পেলে সংসারের অভাব দূর হবে। আমার ছেলে কোনো রাজনীতি করত না। কেন তাকে জীবন দিতে হলো। আমি এর বিচার চাই।’