ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৯ জনকে আসামি করে মামলা হলেও গতকাল সোমবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। নিউমার্কেট থানা পুলিশ জানায়, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।নিউমার্কেট থানা সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫৮ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় গালিবের স্বীকারোক্তি অনুযায়ী গত শনিবার রাতে আরেকটি মামলা হয়। ওই মামলায় ২৯ জনের পরিচয় উল্লেখপূর্বক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। আগে গ্রেপ্তার হওয়া ৫৮ জনের মধ্যে গালিবসহ ১৬ জন এ মামলারও আসামি। নাম-পরিচয় উল্লেখ করে আরও ১৩ জনকে আসামি করা হয়। তাঁরা হলেন শিহাব, স্বপন, তারেক, ছোট রনি, ফিরোজ, মানিক, পাশা, টিটু, দিদার, রকি, কাউসার, শাহনেওয়াজ ও সাগর সাহা।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ক্যাম্পাসে যেন নতুন করে কোনো সংঘর্ষ না ঘটে, সে দিকেও পুলিশ সতর্ক আছে।এদিকে ঢাকা কলেজে ৫২টি গুলিসহ গ্রেপ্তার গালিবকে দুই দিনের রিমান্ড শেষে গত রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। গালিবের কাছ থেকে গুলি উদ্ধারের মামলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গালিব রিমান্ডে ক্যাম্পাস নিয়ন্ত্রণকারী তাঁর সহযোগীদের নাম বলেছেন।গোয়েন্দা সূত্র জানায়, গালিব, তারেক ও রাসেল এ তিনজনই ক্যাম্পাসে নিয়মিত অস্ত্র নিয়ে আসতেন। তাঁদের সঙ্গে পরে যোগ দেন মোমিন ও সাজু।