রাজধানীর পৃথক স্থান থেকে ঢাকা কলেজের এক ছাত্র ও এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও সড়ক দুর্ঘটনায় আরও দুজন মারা গেছেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মোহাম্মদপুরের একটি মেস থেকে ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র সানিয়াত হাসানের (২৬) লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, গামছা দিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সানিয়াতের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এটাকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত নয়টার দিকে বনানীর একটি বাসা থেকে রহিমা আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে।
লাশটি উদ্ধার করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, বনানীর ওই বাসার বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গৃহকর্মী রহিমা ছাড়া বাসায় আর কেউ ছিলেন না। তাঁরা বাসায় ফিরে একটি কক্ষে রহিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে নামিয়ে দেখেন তার কোনো শ্বাস-প্রশ্বাস নেই। পরে পুলিশে খবর দেওয়া হয়।
এসআই জাকির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে এটাকে আত্মহত্যা বলে মনে করছেন তাঁরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও রহিমার পরিবারের বক্তব্য নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া গতকাল বেলা ১১টায় পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় মোহাম্মদ ইয়াছিন (২১) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, ইয়াছিন বাংলাবাজারে মমতাজ মার্কেটে পানির ট্যাংক পরিষ্কার করতে বৈদ্যুতিক তার সংযুক্ত বাল্ব নিয়ে নামেন। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের জিয়ানগরে।
শাহ আলী থানার এসআই বাহাউদ্দিন জানান, গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহ আলী থানার চটবাড়ি এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সোহাগ (১৬) নামের এক কিশোর আহত হয়। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সে মারা যায়। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়।