ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে আজ থেকে বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। গাজীপুর সদর উপজেলার রাজাবাড়ী, ধলাদিয়া, রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাসে চাঁদাবাজির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হলো।পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, রাজাবাড়ী, ধলাদিয়া, রাজেন্দ্রপুর এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা নানা অজুহাতে বাসচালক ও তাঁদের সহযোগীদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাস শ্রমিকদের আটকে মারধর ও গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া ওই এলাকায় প্রায়ই বাসে ডাকাতির ঘটনা ঘটছে। এর বাইরে স্থানীয় একটি কলেজের উচ্ছৃঙ্খল ছাত্ররা বিনা ভাড়ায় বাসে চড়ে। প্রতিবাদ করলে প্রায়ই বাস আটকে পরিবহন শ্রমিকদের মারধর ও নির্যাতন করে তারা। এসব ব্যাপারে পুলিশকে জানালেও প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পরিবহন শ্রমিকদের হয়রানি করছে তারা। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ঢাকার মহাখালী বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ওই সভায় উল্লিখিত ঘটনার প্রতিকারের জন্য গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনকে পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়। এ ছাড়া উভয় জেলা প্রশাসককে তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপিও দেওয়া হয়। কিন্তু গতকাল পর্যন্ত এ ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় আগের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট ডাকা হয়েছে। আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।