ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে বাস ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে বাস ধর্মঘট গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থগিত করেছে পরিবহনমালিক ও শ্রমিকনেতারা। চাঁদাবাজি ও পরিবহনচালক-শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে গত বুধবার থেকে তাঁরা এ ধর্মঘট শুরু করেছিলেন। বাসমালিক-শ্রমিকদের দাবি নিয়ে গাজীপুর জেলা প্রশাসনের সঙ্গে গতকাল বেলা সাড়ে ১১টায় থেকে দুইটা পর্যন্ত বৈঠক হয়। বৈঠকে ওই সড়কে পুলিশ বাড়ানো, চাঁদাবাজদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে বাস ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিলে ওই সড়কে বেলা তিনটা থেকে জলসিড়ি, অনন্যা, অনন্যা ক্ল্যাসিক, সম্রাট, প্রভাতী বনশ্রী, এগারসিন্দুর, রাজদূত, মাধুলী, ঢাকা পরিবহনসহ ১৪টি সার্ভিসের বাস চলাচল শুরু হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, বৈঠকে মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে বিভিন্ন সময়ে পরিবহনে চাঁদাবাজির ঘটনা ও চাঁদাবাজদের নামের তালিকা তুলে ধরেন। প্রায় আড়াই ঘণ্টার ওই বৈঠকে জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার পরিবহনে চাঁদাবাজি বা যেকোনো ধরনের ঘটনা তদারকির জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন, ওই সড়কে পুলিশি টহল বাড়ানো ও পুলিশক্যাম্প স্থাপনের আশ্বাস দেন। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে পরিবহননেতাদের পক্ষ থেকে আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বাস ধর্মঘট স্থগিত ও গতকাল বেলা তিনটা থেকে বাস চালু করার ঘোষণা দেন। বৈঠকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাসমালিক ও শ্রমিক সমিতির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মানিক রঞ্জন দে জানান, ‘বাস ধর্মঘট স্থগিত হওয়ায় অসংখ্য যাত্রী দুর্ভোগ থেকে রক্ষা পেল। আশা করি, গাজীপুর জেলা প্রশাসন বিষয়টি স্থায়ীভাবে সমাধান করবে। তা না হলে পুনরায় ধর্মঘটে যাব।’