ঢাকা কারাগারে বন্দীদের মধ্যে প্রসাদ বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হিন্দু সম্প্রদায়ের ৪৩০ জন বন্দীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। কারাগারের যমুনা সেলের সামনে এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা ছাড়াও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে যমুনা সেলের সামনে বেলুন, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। হিন্দু সম্প্রদায়ের বন্দীরা গান গেয়ে শোনান।
কারাগারের দুর্গোৎসব অনুষ্ঠানে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, দেশের বিভিন্ন মণ্ডপে হিন্দুধর্মাবলম্বীরা দুর্গোৎসব করছেন। তবে কেউ অপরাধ করে, আবার কেউ ভাগ্যের বিড়ম্বনায় কারাবন্দী রয়েছেন। তাঁরা ধর্মীয় উৎসব থেকে বঞ্চিত। হিন্দু সম্প্রদায়ের বন্দীদের সামান্য আনন্দ দিতেই সর্বজনীন পূজা কমিটির সহায়তায় কারা কর্তৃপক্ষ এ আয়োজন করেছে।
অনুষ্ঠানে পূজা উদ্যাপন পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক বনশ্রী বিশ্বাস বলেন, ‘আমরা কেউই অপরাধী হয়ে মায়ের গর্ভে আসিনি। তাই মা দুর্গার কাছে সবাইকে প্রার্থনা করতে হবে, যাতে অচিরেই মুক্তি মেলে।’
অনুষ্ঠান শেষে কয়েকজন কারা কর্মকর্তা বলেন, কয়েক বছর ধরে ক্ষুদ্র পরিসরে প্রসাদ বিতরণ করা হলেও এবারই প্রথম দুর্গাপূজা উপলক্ষে কারাগারে উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) গোলাম হায়দার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির, কারাধ্যক্ষ মো. নেছার আলমসহ মহানগর পূজা কমিটির নেতারা।