ঢাকা-কুমিল্লায় নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার
ঢাকা ও কুমিল্লার শহরাঞ্চলে নিরাপদ পানীয় জল সরবরাহ ও পর্যাপ্ত পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে পানি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার স্বাস্থ্যাভ্যাস গড়ে তোলার ব্যাপারেও অঙ্গীকার করা হয়। গতকাল মঙ্গলবার এই কর্মসূচি বাস্তবায়নে জাতিসংঘের হ্যাবিট্যাট, শহরাঞ্চলে দারিদ্র্য বিমোচন কর্মসূচি (ইউপিপিআর) ও কোকা-কোলা-ফার ইস্ট লিমিটেডের যৌথ ঘোষণায় এই অঙ্গীকার ব্যক্ত হয়েছে। এ ব্যাপারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রামের পানি, স্যানিটেশন ও অবকাঠামো শাখার প্রধান অ্যান্ড্রে ডিজিকুস বলেন, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা মানব উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। এই প্রয়োজনীয় উপাদানগুলো শহুরে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মূল ভূমিকা পালন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাউথ ওয়েস্ট এশিয়া ফর কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট সন্দীপ গুপ্ত, কোকা-কোলা-ফার ইস্ট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব, ইউপিপিআরের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রিচার্ড গায়ার। বিজ্ঞপ্তি।