ঢাকা-কুড়িগ্রাম রেলপথ সংস্কারের দাবিতে সমাবেশ

কুড়িগ্রাম-ঢাকা রেলপথ সংস্কার ও নতুন লাইনের দাবিতে গতকাল সোমবার রেলওয়ে পরিদর্শক দলের কাছে স্মারকলিপি দিয়েছে কুড়িগ্রাম জেলা রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। এর আগে একই দাবিতে তারা কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও সমাবেশ করে।
রেলওয়ের বিভাগীয় একটি পরিদর্শক দল গতকাল দিনব্যাপী কুড়িগ্রামের রেলপথ ও স্টেশন পরিদর্শন করে। এদিন সকাল থেকে জেলা রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। তারা সেখানে মানববন্ধন ও সমাবেশ করে। দুপুর ১২টায় পরিদর্শক দলটি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসে। এখানে গণকমিটির পক্ষ থেকে রেলওয়ের পরিদর্শক আখতারুজামানের হাতে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় তিনি বলেন, ‘আপনাদের দাবি যৌক্তিক। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’
এর আগে সমাবেশে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুজ্জামান, গণকমিটির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, কমিটির নেতা আবদুল কাদের, আপেল মাহামুদ ও শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারীর জনসভায় এসব দাবি পূরণের আশ্বাস দিলেও আজও তা পূরণ হয়নি। এলাকাবাসী অতি দ্রুত এ দাবির বাস্তবায়ন চায়।
রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, তিস্তা থেকে রমনা স্টেশন পর্যন্ত কুড়িগ্রামের ৫০ কিলোমিটার পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লাইনগুলোতে নাট-বল্টু নেই, পর্যাপ্ত পাথরও নেই। রয়েছে স্লিপার সংকট। এ অবস্থায় রেলের গতি ৩০ কিলোমিটারের মধ্যে রাখতে বাধ্য হচ্ছেন চালকেরা। জেলার আটটি স্টেশনের অবকাঠামোও দুর্বল।