ঢাকা কেন্দ্রীয় কারাগারে দর্শনার্থীকক্ষের কাচ খুলে দেওয়া হলো
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের দর্শনার্থীকক্ষের কাচ খুলে দেওয়া হয়েছে। ওই কাচের কারণে বন্দীদের কথা শুনতে পারছিলেন না দর্শকেরা।
ধানমন্ডির কলাবাগান থেকে আসা সায়রা বানু (৪৫) বলেন, ‘গত সপ্তাহের বুধবার ছেলে ইমরান হোসেনকে দেখতে এসেছিলাম। সেদিন বন্দীদের দর্শনার্থীকক্ষের ভিতরে গ্লাস থাকায় কথা বলতে ও শুনতে পারিনি। এমনিতেই ভিতরে মানুষের হইচই। আবার গ্লাসের ছোট ফুটো দিয়ে কথা বলতে পারিনি। আজ আবার ছেলেকে দেখতে এসেছি। দর্শনার্থীদের কক্ষের ভিতরের মাঝে গ্লাস থাকলেও দুই পাশের গ্লাস খুলে দেওয়া হয়েছে। আজ কোনোমতে কথা বলতে পারছি এবং ছেলের কথা শুনতে পেরেছি।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর প্রথম আলোকে বলেন, গত শনিবার বিকেলে দর্শনার্থীদের কক্ষের নিচতলার গ্লাস খুলে দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে দ্বিতীয় তলার কক্ষের মাঝে গ্লাস খুলে দেওয়া হয়েছে; যাতে দর্শনার্থীরা বন্দীদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারেন।
এদিকে গতকাল রোববার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় গিয়ে দেখা যায়, বন্দীদের সাক্ষাতে আসা শত শত নারী-পুরুষ বিশ্রামাগার না পেয়ে কারাগারের কাছে কারা উদ্যান ও এর আশপাশ এলাকায় খোলা জায়গায় বসে আছেন। বেলা দেড়টার দিকে বৃষ্টি শুরু হলে অনেকে কারাগারের দেয়ালের কাছে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকেন।
এদিকে কারা কর্তৃপক্ষ ক্যানটিনের সামনের মাঠে ত্রিপল দিয়ে অস্থায়ী বিশ্রামাগার তৈরি করলেও দর্শনার্থীরা অনেকে সেখানে ঠাঁই না পেয়ে রাস্তার পাশে খোলা জায়গায় নিরুপায় হয়ে ভিজতে থাকেন।
উল্লেখ্য কারাগারে বন্দী ও দর্শনার্থীদের কথা বলার সমস্যা নিয়ে গত শনিবার প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।