ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও চার নেতা স্মৃতি জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময়ে কারাগারের যে কক্ষে অন্তরীণ ছিলেন, সেই কক্ষকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করা হয়েছে। এ ছাড়া জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর যেসব কক্ষে হত্যা করা হয়, সেগুলোকেও জাদুঘর করা হয়েছে। জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ব্যবহূত কাপড়চোপড়, থালা-বাটি, চৌকি সংরক্ষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কারাগারে নির্মিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান এবং জাদুঘর দুটি পরিদর্শন করেন। তিনি সেখানে একটি গাছের চারাও রোপণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে বঙ্গবন্ধুর কারাজীবনের ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়। দেওয়ানি সেলকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর রোপণ করা কামিনী ও সফেদাগাছ এবং তাঁর গোসলখানা ও রান্নাঘর সংরক্ষিত থাকবে। জাদুঘর উদ্বোধন শেষে শেখ হাসিনা কারাগারের মহিলা ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি নারী কয়েদিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। অনুষ্ঠানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ ওয়ারেসাত হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক উপস্থিত ছিলেন। চার নেতার পরিবারের সদস্যদের মধ্যে তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি, এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম, কামরুজ্জামানের ছেলে খায়রুজ্জামান উপস্থিত ছিলেন।এক হাজার বন্দীকে মুক্তির নির্দেশ: প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী থাকা বৃদ্ধ, নারী, শিশু, প্রতিবন্ধী ও অসুস্থ—এই পাঁচটি শ্রেণীর এক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।