ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ও দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া কারাবন্দীরা হলেন, দীপক নন্দী (৫৫) ও আমির হোসেন (৬৫)। এর মধ্যে দীপকের বাড়ি পুরান ঢাকার শাঁখারী বাজারে। তবে আমির হোসেনের বাবার নাম মকবুল হোসেন জানা গেলেও তাঁর বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।
কারারক্ষী মো. হানিফ প্রথম আলোকে বলেন, বন্দী দীপক নন্দী বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় ৯ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পরলে কারারক্ষী মনোয়ার হোসেন দীপককে বুধবার বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন সন্ধ্যায় আমির হোসেনের (৬৫) মৃত্যু হয়। ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, কারারক্ষী মো. ফারুক হোসেন সন্ধ্যা সাড়ে ছয়টির দিকে আমির হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁকেও কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া দুই বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে বিকেলের দিকে স্বজনেরা দীপকের লাশ নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য আমির হোসেনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।