ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫ অক্টোবর গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের ডাকা সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি জেলা ও উপজেলায় পালিত হয়েছে। গতকাল রোববার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে নাগরিক আন্দোলনের নেতারা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। অবরোধ চলাকালে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই, শম্ভুগঞ্জ ও ময়মনসিংহ রেলস্টেশন এবং জেলার ত্রিশাল, ফুলবাড়িয়া, নান্দাইল বাসস্টেশনে বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে। অবরোধ চলাকালে ঢাকাগামী জামালপুরের তারাকান্দা থেকে ছেড়ে আসা আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিকে ময়মনসিংহ রেলস্টেশনে সকাল সোয়া নয়টায় অবরোধ করে দাবি আদায়ে মিছিল করা হয়। পরে ট্রেনের যাত্রীরাও বিভাগের দাবিতে একাত্মতা প্রকাশ করে ট্রেনটি ছেড়ে দেওয়ার আবেদন করলে সাড়ে নয়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। পরে রেলস্টেশন চত্বরে নাগরিক আন্দোলনের নেতারা সমাবেশ করে নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি হিসেবে আগামী ১৫ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি ঘোষণা করা হয়। এতে ঢাকায় বৃহত্তর ময়মনসিংহের সব বাসিন্দাকে অংশগ্রহণ করতে জেলা নাগরিক আন্দোলনের নেতারা আহ্বান জানান।রেলস্টেশন চত্বরে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির, অধ্যাপক ইউসুফ খান পাঠান, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমীন কালাম, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহাম্মেদ লিটন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি আ ন ম ফজলুল হক পাঠান, ট্রেড ইউনিয়ন সভাপতি ফয়েজুর রহমান, কাজী আজাদ জাহান শামীম, আনোয়ারুল হক রিপন, রতন সরকার, নাছিমা সুলতানা প্রমুখ।