ঢাকা-খুলনা নৌপথে স্টিমার চলাচল বন্ধের অপচেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-ঢাকা নৌপথে স্টিমার (রকেট) চলাচল বন্ধের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। পশুর নদে নাব্যতা হ্রাস পেয়েছে দাবি করে ৫ আগস্ট সংস্থাটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এ আশঙ্কার কথা জানায়। তবে এটি স্টিমার চলাচল বন্ধের ষড়যন্ত্র বলে মনে করছেন বিআইডব্লিউটিসির বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ খুলনাবাসী।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা-ঢাকা নৌপথে বর্তমানে সপ্তাহে দুই দিন ‘মাহসুদ’ স্টিমারটি চলাচল করছে। যাত্রী-মালামাল পরিবহন খরচ কম হওয়ায় বেশির ভাগ সাধারণ মানুষ ও ব্যবসায়ী স্টিমার বেশি ব্যবহার করেন। গত ৫ আগস্ট একটি জাতীয় দৈনিকে বিআইডব্লিউটিসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রামপাল থেকে মংলা পর্যন্ত পশুর নদের মোহনায় অতিমাত্রায় পলি জমে নাব্যতা ব্যাপক হ্রাস পেয়েছে। এ স্থান দিয়ে নৌযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ সত্ত্বেও জনস্বার্থের কথা বিবেচনা করে রকেটগুলো জোয়ারের পানির ওপর নির্ভর করে পরিচালনা করা হচ্ছে। এমতাবস্থায় যেকোনো সময় ঢাকা-খুলনা নৌপথে রকেট পরিচালনা করা অসম্ভব হয়ে পড়তে পারে।বিআইডব্লিউটিসি খুলনার একাধিক কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করে বলেন, ঢাকা-খুলনাপথে রকেট চলাচল বন্ধ করতে অনেক আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করছে। তাই চাহিদা থাকা সত্ত্বেও এই পথে একটির বেশি রকেট দেওয়া হয় না। এ ছাড়া মাঝেমধ্যে কোনো নোটিশ ছাড়াই কর্তৃপক্ষ রকেট চলাচল বন্ধ করে দেয়। অনেক সময় ঢাকা থেকে খুলনায় না এসে মোরেলগঞ্জ থেকে রকেট ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়। খুলনা উন্নয়ন কমিটির সহসভাপতি শেখ আশরাফ-উজ-জামান প্রথম আলোকে বলেন, খুলনা তথা দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ এবং দেশি-বিদেশি পর্যটক এই স্টিমারে যাতায়াত করে। নদীর নাব্যতার অজুহাত দেখিয়ে তা বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। ঐতিহ্যবাহী এই স্টিমার সার্ভিস বন্ধ করার বিরুদ্ধে দক্ষিণাঞ্চলবাসী আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শেখ মো. নাছিম প্রথম আলোকে জানান, পশুর নদের মোহনায় (রামপাল থেকে মংলা পর্যন্ত) নাব্যতা হ্রাস পাওয়ায় ওই স্থান দিয়ে রকেট চালাতে সমস্যা হচ্ছে। বর্ষা মৌসুমে অসুবিধা না হলেও শুকনো মৌসুমে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। শুকনো মৌসুমে রকেটের তলা মাটিতে ঠেকে যায়। তাই রকেট চালাতে হয় জোয়ারের সময়। এতে অনেক সময় অপচয় হয়। তিনি বলেন, ‘এখনো আমরা জনস্বার্থে রকেট চলাচল অব্যাহত রেখেছি। তবে নদীর পলি অপসারণ (ড্রেজিং) না করলে যেকোনো সময় এ পথে রকেট চলাচল বন্ধ হয়ে যেতে পারে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই এলাকার নদী ড্রেজিং করার প্রয়োজনীয়তার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকেও (বিআইডাব্লিউটিএ) জানিয়েছেন।তবে বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপকের ওই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বিআইডব্লিউটিএর উপপরিচালক মুন্সি মহিউদ্দিন গত বুধবার প্রথম আলোকে বলেন, মংলায় পশুর নদের মোহনায় নাব্যতা কিছুটা কম ঠিকই, কিন্তু তাতে রকেট চলাচলে সমস্যা হওয়ার কথা নয়। তিনি বলেন, উল্লিখিত স্থান দিয়ে তেলবাহী কার্গোগুলো যাতায়াত করে। কার্গো চলাচলের জন্য ১৩ ফুট গভীরতার প্রয়োজন হয়। কিন্তু রকেট চলাচল করতে মাত্র পাঁচ ফুট গভীরতার প্রয়োজন পড়ে। ভাটার সময়ও ওই চ্যানেলে ছয় ফুট গভীরতা থাকে। তিনি আরও বলেন, ওই এলাকায় নাব্যতা কমলে ড্রেজিং করে তা বাড়ানো হবে।