ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
ফরিদপুরের মধুখালীতে সরকারি আইন উদ্দিন কলেজের শিক্ষার্থীরা গতকাল রোববার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। কলেজের সামনে বাস থামানোর স্থান নির্ধারণ, গতিরোধক নির্মাণ ও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্তু অবরোধ কর্মসূচি পালন করা হয়।অবরোধ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী আইন উদ্দিন কলেজের দুই পাশে কয়েক শ যাত্রীবাহী বাস ও ট্রাক আটকা পড়ে। দীর্ঘদিন ধরে কলেজ ফটকের কাছে লোকাল বাস থামানোর দাবি করে আসছিল শিক্ষার্থীরা। কিন্তু বাসমালিক ও শ্রমিকেরা কলেজ থেকে এক কিলোমিটার দূরে মূল বাসস্ট্যান্ডে তাদের নামতে বাধ্য করে। শুধু ছাত্রছাত্রীদেরই নয়, শিক্ষকদেরও কলেজ ফটকে নামানো হয় না। বহুবার বলেও শিক্ষার্থীরা কোনো প্রতিকার না পেয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। পরে মধুখালী ইউএনও ও ওসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা।