ঢাকা-খুলনা মহাসড়ক বেহাল কাদা-ধুলায় নাকাল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ সামনে রেখে তড়িঘড়ি করে যশোর-খুলনা মহাসড়কের বড় বড় গর্তে ইট-মাটি ফেলেছিল সড়ক ও জনপথ বিভাগ। তবে কয়েক দিন না যেতেই তা আবার দেবে গেছে। গতকাল যশোরের বকচর এলাকা থেকে তোলা ছবি   প্রথম আলো
ঈদ সামনে রেখে তড়িঘড়ি করে যশোর-খুলনা মহাসড়কের বড় বড় গর্তে ইট-মাটি ফেলেছিল সড়ক ও জনপথ বিভাগ। তবে কয়েক দিন না যেতেই তা আবার দেবে গেছে। গতকাল যশোরের বকচর এলাকা থেকে তোলা ছবি প্রথম আলো

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার সীমাখালী থেকে যশোরের নওয়াপাড়া পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কের ৩৬ কোটি ২৩ লাখ টাকার মেরামতকাজ বন্ধ রয়েছে। সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ঝুঁকি নিয়ে চালকদের এই সড়কে যানবাহন চালাতে হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নওয়াপাড়া পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক মেরামতের জন্য ২২ কোটি এক লাখ ৯৫ হাজার ৮৮৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি খুলনার বেসিক-ইউআইএল-জয়েন্ট ভেঞ্চার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের সময় বেঁধে দিয়ে কার্যাদেশ দেওয়া হয়।
অন্যদিকে যশোর থেকে সীমাখালী পর্যন্ত ২৩ কিলোমটার সড়কে ওভারলে (বিটুমিন ও পাথর কুচির দুই ইঞ্চি প্রলেপ) কাজের জন্য ১৪ কোটি ২১ হাজার ৪১৯ টাকা বরাদ্দ দিয়ে ঢাকার এমবিইএল-এসটি (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়। এক বছরের সময় দিয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়েছে। মহাসড়কের যশোর-সীমাখালী অংশের ওভারলে কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে। কিন্তু সওজের কাছে হস্তান্তরের আগেই গোটা সড়কের কার্পেটিং উঠে সড়ক আগের অবস্থায় ফিরে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, যশোর শহরের নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড থেকে বাহাদুরপুর বাজার, হাসিমপুর, দড়াটানা মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি গত ২৭ আগস্ট সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক বৃষ্টিতে খাজুরা বাসস্ট্যান্ড থেকে বাহাদুরপুর বাজার, হাসিমপুরসহ বিভিন্ন স্থানে সড়কের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে সড়কে যানবাহন চলাচল নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হলো।’
এ বিষয়ে জানার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইএল-এসটির (জেভি) অংশীদার শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সরেজমিনে আরও দেখা যায়, মহাসড়কের কাজ বন্ধ থাকায় যশোর-নওয়াপাড়া অংশের মুড়ুলি, রাজারহাট, বানিয়ারগাতি, শাখারগাতি, ঘুনি, পদ্মবিলা, জামতলাসহ প্রায় গোটা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা ইট ফেলে গর্ত ভরাটের চেষ্টা করা হচ্ছে। বৃষ্টিতে কাদা আর রোদে ধুলায় নাকাল হয়ে পড়ছেন এলাকাবাসী।
খুলনা থেকে ছেড়ে আসা এ কে ট্রাভেলস পরিবহনের চালক জানান, বর্ষা মৌসুমের আগে খুলনা থেকে যশোরে পৌঁছাতে ঘণ্টা দেড়েক সময় লাগত। এখন প্রায় আড়াই ঘণ্টা লেগে যাচ্ছে।
স্থানীয় মুদি দোকানদার আবদুস সোহবান জানান, রোদের সময়ে ধুলার কারণে দোকানে বসা যাচ্ছে না। রাস্তার সব ধুলা বাতাসে উড়ে দোকানে আসছে।
সড়কের গর্ত মেরামতের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার স্বাক্ষরিত একটি চিঠি গত ২১ আগস্ট সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘জামতলা এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের ডিবিএস বেজ কোর্স মেরামতসহ কার্যাদেশভুক্ত সম্পূর্ণ সড়কের পটহোলস (গর্ত) শিগগির মেরামতের জন্য বলা হলো। অন্যথায় দরপত্রের শর্তানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে বেসিক-ইউআইএল-জয়েন্ট ভেঞ্চারের অংশীদার এনামুল হক বলেন, ‘বৃষ্টির কারণে কাজ করতে পারিনি। তবে ক্ষতিগ্রস্ত অংশে ইট ফেলে যানবাহন চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে।’