গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের চাপায় এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী গতকাল রোববার ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। নিহত হায়দার আলী (১৮) মাজড়া গ্রামের মানিক মোল্লার ছেলে। তিনি কাশিয়ানীর এম এ খালেক ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গতকাল সকাল ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাজড়া গ্রামে প্রাতর্ভ্রমণের সময় গোপালগঞ্জগামী ট্রাকটি তাঁকে চাপা দেয়। এলাকাবাসী জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত হায়দারকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পরলে সকাল সাড়ে আটটার দিকে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। সকাল নয়টার দিকে এলাকাবাসীর সঙ্গে এম এ খালেক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এসে যোগ দেন। তাঁরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, বিচারের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা বেলা সোয়া ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন।