ঢাকা-গুয়াহাটি পরীক্ষামূলক বাস চলবে এ সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি পথে যাত্রীবাহী বাস চালুর পরিকল্পনা করছে ভারত। এ জন্য ১০ ও ১১ ডিসেম্বর এ পথে পরীক্ষামূলক বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। খবর বাসসের।

গতকাল শনিবার ভারতের সরকারি এক বার্তায় বলা হয়, ‘আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং হয়ে ঢাকা পর্যন্ত নিয়মিত সরাসরি বাস চালুর পরিকল্পনা করছে সরকার। এ জন্য সমীক্ষা ও রুট চূড়ান্ত করতে ১০ ও ১১ ডিসেম্বর এই পথে পরীক্ষামূলকভাবে বাস চালানোর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদল যৌথভাবে এই সমীক্ষা চালাবে। তারা এই পথের অবস্থা ও সুযোগ-সুবিধা যাচাই করবে। পরে উভয় পক্ষ বাস চালুর সুপারিশ করে প্রতিবেদন জমা দেবে বলে ভারতের বার্তায় আশা প্রকাশ করা হয়।

ভারতের রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ত্রিপুরার আগরতলা ও পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ঢাকার সঙ্গে দুটি বাস সার্ভিস চালু রয়েছে। এ ছাড়া ঢাকা-গুয়াহাটি পথে বাস চালুর বিষয়টি নিয়েও কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

পরীক্ষামূলক বাস চলাচল ও সমীক্ষায় ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক ডব্লিউ ব্লাহ। এ জন্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ৯ ডিসেম্বর গুয়াহাটি পৌঁছানোর কথা রয়েছে।