ঢাকা-গুয়াহাটি পরীক্ষামূলক বাস চলাচল

ঢাকা থেকে ভারতের গুয়াহাটি পর্যন্ত পরীক্ষামূলক বাস সার্ভিস চালু হয়েছে আজ শুক্রবার। বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ পরীক্ষামূলক এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। বাসটি ঢাকা-সিলেট-তামাবিল-ডাউকি-শিলং হয়ে গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে। আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজহারুল ইসলামের নেতৃত্বে ২২ জন সরকারি কর্মকর্তার একটি দল বাসটিতে গুয়াহাটি যান। বাংলাদেশ সময় রাত নয়টায় বাসটির গুয়াহাটি পৌঁছার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যোগাযোগ নিবিড় করতে নতুন বাস সার্ভিস বিশেষ ভূমিকা রাখবে। যোগাযোগমন্ত্রী আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে নিয়মিত বাস সার্ভিস চালুর জন্য উভয় দেশের মধ্যে একটি প্রোটোকল ও চুক্তি স্বাক্ষর হবে। এর পর এই রুটে নিয়মিত বাস চলাচলের উদ্বোধন করা হবে।
ভারতীয় হাইকমিশনার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হচ্ছে। ঢাকা-গুয়াহাটি রুটে বাস চলাচলের উদ্যোগ সেই প্রক্রিয়ারই অংশ।