ঢাকা-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাসযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে ঢাকা থেকে গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাস অভিযাত্রা শুরু হলো গতকাল শুক্রবার। রাজধানীতে বিআরটিসির কমলাপুর আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে বেলা সাড়ে তিনটায় এই রুটের পরীক্ষামূলক প্রথম বাসটি ২২ জন যাত্রীকে নিয়ে ছেড়ে যায়।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ যৌথভাবে ‘ঢাকা-সিলেট-তামাবিল-ডাউকি-শিলং-গুয়াহাটি’ রুটের এই পরীক্ষামূলক বাস যাত্রার উদ্বোধন করেন। যাত্রীদের সবাই সরকারি কর্মকর্তা। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজহারুল ইসলাম। বাংলাদেশ সময় রাত নয়টায় বাসটির গুয়াহাটি পৌঁছার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ নিবিড় করতে এই নতুন রুটের বাস যোগাযোগ বিশেষ ভূমিকা রাখবে। তিনি জানান নিয়মিত বাস সার্ভিস চালুর জন্য উভয় দেশের মধ্যে একটি প্রোটোকল ও চুক্তি স্বাক্ষর হবে।
মন্ত্রী বলেন ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাস যোগাযোগের বিষয়ে আলোচনা চলছে। আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে এই চার দেশের যোগাযোগ মন্ত্রীদের বৈঠকে চার দেশের মধ্যে বিভিন্ন রুটে বাস যোগাযোগের বিষয়ে আলোচনা ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।