ঢাকা ঘুরে গেল পোল্যান্ডের পর্যটক দল

চার দিন আগে পোল্যান্ড থেকে বাংলাদেশে ঘুরতে এসেছে ২০ সদস্যের একটি পর্যটক দল। প্রথম দুদিন তাঁরা চট্টগ্রাম শহর ঘুরে দেখেছেন। গত বুধবার ঢাকায় এসেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা দেখতে বের হয়েছিলেন। প্রথমে সদরঘাট, আহসান মঞ্জিল, আরমানিয়ান চার্চ, তারা মসজিদ, হোসেনি দালান, লালবাগ কেল্লা, শহীদ মিনার ও ঢাকেশ্বরী মন্দির এলাকা। আজ শুক্রবার তাঁরা ঢাকা ছাড়বেন।
পর্যটকদের কাছে সবচেয়ে ভালো লেগেছে হোসেনি দালান। গতকাল দুপুরে তাঁরা যখন হোসেনি দালানের ভেতরে ঢোকেন, তখন জোহরের নামাজ পড়ছিলেন মুসল্লিরা। তাই নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন। দলের মেয়েরা চলে যান এখানকার মসজিদের মেয়েদের নামাজ পড়ার স্থানে। ভিনদেশি মেয়েরা মাথায় কাপড় দিয়ে নামাজ পড়া দেখেন। নামাজ শেষ হওয়ার পুরো হোসেনি দালান এলাকাটি ঘুরে দেখেন।
ঢাকা দর্শনের জন্য গতকাল ভোরবেলা মতিঝিলের হোটেল থেকে বের হন পোল্যােন্ডর পর্যটকেরা। কখনো রিকশায় চড়ে, কখনোবা হেঁটে সোজা চলে যান বুড়িগঙ্গা নদীর পাড়ে। সেখানে বেশ কয়েকটি নৌকা ভাড়া করে ঘণ্টা খানেক সময় কাটান।
তবে চট্টগ্রাম ও ঢাকা শহর চষে বেড়াতে একটুও ভয় করেনি পর্যটক দলটির। সম্প্রতি এক জাপানি ও এক ইতালীয় নাগরিক হত্যার ঘটনাও হৃৎকম্পনের সৃষ্টি হয়নি তাঁদের। বাংলাদেশে এসে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও যাননি তাঁরা। বরং হোসেনি দালানে আসার পর প্রচুর পুলিশ সদস্যের উপস্থিতিতে অবাকই হয়েছেন তাঁরা।
বাংলাদেশে আসার জন্য দুই মাস ধরে পরিকল্পনা করছিলেন তাঁরা। দুজন বিদেশি হত্যার ঘটনায় প্রথমে কিছুটা ভয় পেয়েছিলেন। পরে দুর্ঘটনা মনে করে সোজা নিজ দেশ থেকে চলে আসেন চট্টগ্রামে।
২০ জন পর্যটকের মধ্যে ১৯ জনের কাছেই বাংলাদেশ ছিল অচেনা। একমাত্র টমাস নিসোলস্কি নামে এক পর্যটক ছয় বছর আগে বাংলাদেশ ঘুরে গেছেন। তাঁকে দলনেতা বানিয়ে বাংলাদেশ ঘুরেছেন তাঁরা।