ঢাকা ঘোষণায় ১৪ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় মৌলবাদ, সাম্রাজ্যবাদ ও নারী-প্রতিরোধ সম্মেলন থেকে ১৪ দফা দাবি ঘোষণা করা হয়েছে। বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের শেষ দিনে গতকাল শনিবার ঢাকা ঘোষণায় এসব দাবি করা হয়।
প্রথম দফায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রে রাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় কার্যক্রম ও সংবিধানের সঙ্গে ধর্মের বিচ্ছেদ ঘটাতে হবে; ‘ধর্ম যার যার, রাষ্ট্র সকলের’। দ্বিতীয় দফায় রয়েছে প্রতিটি রাষ্ট্রে সব আচরিত ধর্মকে মর্যাদা দিতে হবে। তৃতীয় দফায় বলা হয়, প্রতিটি মানুষের তার নিজের ভাষায় আত্মপ্রকাশ, সংস্কৃতি, মূল্যবোধ বহন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের অবাধ অধিকার রাষ্ট্রের দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত করতে হবে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে ধর্মীয় অসহিষ্ণুতার প্রদর্শন বন্ধ করা, ধর্মীয় সম্প্রদায়গুলোর পরস্পরের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির নানা সক্রিয় সাংস্কৃতিক পরিকল্পনায় রাষ্ট্রকে সহায়তা করা, ধর্মীয় মতবাদের যাবতীয় মৌলবাদী তথা ফ্যাসিস্ট প্রবণতা প্রতিরোধে রাষ্ট্রের সক্রিয় ভূমিকা রাখা, ধর্মভিত্তিক মৌলবাদ ও সংশ্লিষ্ট জঙ্গিবাদসহ সব ফ্যাসিস্ট সংগঠনকে নিষিদ্ধ করা, মুক্তচিন্তার অধিকার নিশ্চিত করা, শিক্ষাকে বিজ্ঞানমনস্ক করা, সব ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করা, নারীর জন্য অভিন্ন বা একক দেওয়ানি আইন (উত্তরাধিকার আইনসহ) করে তা বাস্তবায়ন করা ইত্যাদি।
ঢাকা ঘোষণায় সই করেন অধ্যাপক অজয় রায়, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক উৎসা পাটনায়েক (ভারত), অধ্যাপক পবিত্র সরকার (ভারত), অধ্যাপক রতন খাসনবিশ (ভারত), হায়দার আকবর খান রনো, মামুন হুসাইন, অধ্যাপক আবুল বারকাত, ফরিদ উদ্দিন মাসউদ, অধ্যাপক এম এম আকাশ, বিনায়ক সেন, ফখরুল আলম, শাহনাজ হুদা, শেখ তৌহিদুল ইসলাম, ইমতিয়ার শামীম, প্রতীপ চট্টোপাধ্যায় (ভারত), আহমেদ জাভেদ, মামুন আল রাশীদ, কাজী জাহেদ ইকবাল, শান্তনু দে (ভারত), অদিতি ফাল্গুনী, মার্জিয়া লিপি, কাজী সামিও শীশ, সাধন চট্টোপাধ্যায় (ভারত), বিমান সাহাসহ (ভারত)। বিজ্ঞপ্তি।