ঢাকা ঘোষণায় শেষ আইপিইউ সম্মেলন
‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে ১৩৬তম আইপিইউ সম্মেলন শেষ হলো আজ বুধবার। আইপিইউ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে সমাপ্তি টানেন। ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধন করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘অসাম্যের প্রতিকার: সবার জন্য সম্মান ও কল্যাণ’।
এর আগে বুধবার বিকেলে আইপিইউর সাধারণ সভায় কোনো সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ হস্তক্ষেপ করতে পারবে না—সভার সভাপতি শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে তা তুমুল করতালির মধ্যে পাস হয়ে যায়। তবে পর্তুগালের প্রতিনিধি পশ্চিম ইউরোপের ১২টি দেশের পক্ষে ফ্লোর নিয়ে বলেন, ‘আমাদের কিছু ভূরাজনৈতিক গোষ্ঠী আছে, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মত থাকা প্রয়োজন। তাই আমরা এই প্রস্তাবটি গ্রহণ করতে পারছি না।’
ঢাকা ঘোষণা সম্পর্কে আইপিইউর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বর্ধনশীল তরুণ প্রজন্ম বেকারত্ব, সম্পদহীনতা, স্বল্প মজুরিসহ নানা সমস্যায় ভুগছে। বৈষম্য কমাতে আইপিইউ এসব বিষয়ের সমাধানে সদস্যভুক্ত দেশগুলোর উদ্যোগ আশা করছে।
সমাপনী অনুষ্ঠানে ঢাকা ঘোষণা সম্পর্কে আইপিইউর চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, এবারের সম্মেলনে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বৈষম্য কমাতে আইনি কাঠামো শক্তিশালী করা, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সংসদকে আরও প্রতিনিধিত্বশীল করা, সবার জন্য অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা, সামাজিক সংলাপ ও মানবসম্পদ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সদস্য দেশগুলো নিজ নিজ দেশে এসব প্রস্তাব বাস্তবায়নে কাজ করে যাবে।
সাবের চৌধুরী আরও বলেন, ‘সেন্ট পিটার্সবার্গে হামলা হয়েছে। তা সত্ত্বেও সেখানে আইপিইউর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। জঙ্গিদের ভয়ে আমরা থেমে থাকব না। জঙ্গিবাদকে মোকাবিলা করার জন্যই আমরা সেখানে যাব।’
আইপিইউ সম্মেলনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন দাবি করে সাবের চৌধুরী বলেন, প্রথমবারের মতো আইপিইউর এই সম্মেলনকে গ্রিন সম্মেলন বলা হয়েছে। আমরা যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি, তারা জানিয়েছে, আইপিইউ সম্মেলন উপলক্ষে যেসব বিমান চলাচল করেছে, তাতে ৩ হাজার ৪০০ টন কার্বন নিঃসরণ হয়েছে। বাংলাদেশে যারা এখনো কাঠ-কয়লা পুড়িয়ে চুলা জ্বালায়, তাদের উন্নত মানের চুলা সরবরাহ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। তারপর আক্ষরিক অর্থে ঢাকার এই সম্মেলন গ্রিন সম্মেলন হিসেবে স্বীকৃত হবে।
সবশেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বে যে নেতিবাচক ধারণা ছিল, তা ভেঙে গেছে। বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল তা তারা দেখে গেছে।
একই বিষয়ে শিরীন শারমিন চৌধুরী বলেন, জঙ্গি হামলার ভয়কে উপেক্ষা করে বিশ্বের নেতারা এ সম্মেলনে জড়ো হয়েছেন। এর মাধ্যমে তাঁরা বাংলাদেশের প্রতি আস্থা প্রকাশ করেছেন।