গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকার গোমতী নদীর ওপর রেলসেতুতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের চারটি চাকা বিকল হয়ে গেলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল রাতে লাকসাম জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকো) নূর মোহাম্মদ জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বিকল হয়ে পড়া ট্রেনটি উদ্ধারের পর রাত ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলোকে জানান, গত সোমবার রাত দুইটায় চট্টগ্রাম থেকে (৮০৯ নম্বর) মালবাহী ট্রেনটি চালিয়ে চালক মোশারফ হোসেন ঢাকার উদ্দেশে রওনা দেন। ট্রেনটি কুমিল্লা রেলস্টেশন থেকে গতকাল মঙ্গলবার বিকেল চারটা ১২ মিনিটে ছেড়ে যায়। কিছু দূর যাওয়ার পর গোমতী রেলসেতুর ওপর ইঞ্জিনের পাশের বগির চারটি চাকা বিকল হয়ে যায়। এরপর ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনের চাকা বিকল হওয়ার কারণে মহানগর গোধূলী লাকসাম রেলস্টেশনে, উপকূল এক্সপ্রেস ট্রেন কুমিল্লার ময়নামতি স্টেশনে এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন মন্দাবাগ রেলস্টেশনে আটকা পড়ে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হয়।কুমিল্লা রেলস্টেশনের সহকারী প্রকৌশলী হামিদুল হক বলেন, কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালবাহী ট্রেনটি অতি পুরোনো হওয়ায় এর চাকাগুলো বিকল হয়ে পড়ে।