ঢাকা-চট্টগ্রাম ও টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত শুক্রবার দিবাগত রাতে সবজিবোঝাই একটি ট্রাক উল্টে গেলে সড়কের ২২ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে বৃষ্টির ফলে গতকাল শনিবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি সেতুতে ওঠার মুখে রাস্তার মাটি ধসে যাওয়ায় এবং মির্জাপুর উপজেলার পাকুল্লায় রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে পড়ায় চরম দুর্ভোগ পোহান যাত্রীরা।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও যানবাহনের যাত্রীরা জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে দাউদকান্দির হাসানপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে দাউদকান্দির বিশ্বরোড এলাকা থেকে চান্দিনার কুটুম্বপুর এলাকা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টার মধ্যে হাইওয়ে পুলিশ ট্রাকটি অন্যত্র সরালেও যানবাহনের চাপে যানজট বৃদ্ধি পেতে থাকে।
ঢাকাগামী ট্রাকচালক আবদুল মোমিন বলেন, ‘ভোর চারটায় চান্দিনার কুটুম্বপুর এলাকায় এসে যানজটে আটকা পড়ি। সকাল সাড়ে আটটা পার হলেও এখনো দাউদকান্দি এলাকা পাড়ি দিতে পারছি না।’
এলেঙ্গার ট্রাফিক পরিদর্শক এসরাজুল হক বলেন, বৃষ্টির কারণে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পুংলি সেতুতে ওঠার মুখে কিছু অংশের মাটি ধসে গিয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ফলে যানবাহনগুলো ধীরগতিতে সেতু পার হতে থাকে। এতে জট লেগে যায়। বেলা ১১টা পর্যন্ত এখানে যানজট ছিল। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। এদিকে মির্জাপুরের পাকুল্লা এলাকায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (সাবেক সওজ) রাস্তা মেরামতের কাজ শুরু করে। পুংলিতে যানজটে আটকে পড়া গাড়িগুলো সেখানে গিয়ে আবার জটে পড়ে।
মির্জাপুরের ট্রাফিক সার্জন মো. মাসুদ মিয়া বলেন, উভয় দিকে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টার দিকে সড়ক বিভাগের সঙ্গে আলোচনা করে রাস্তা মেরামতের কাজ বন্ধ করে দেওয়া হয়। বেলা দেড়টা পর্যন্ত এখানে যানজট ছিল।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন টাঙ্গাইল, মির্জাপুর ও দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি}