ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির চাপ নেই

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদে বাড়ি ফেরার এ সময়ের সেই পরিচিত দৃশ্য নেই। মহাসড়কে গাড়ির চাপ নেই, অনেকটাই ফাঁকা।
আজ শুক্রবার সকালে মহাসড়ক দুটিতে গাড়ির চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কমতে থাকে। দুপুর সাড়ে ১২টায় দেশের গুরুত্বপূর্ণ দুটি মহাসড়কে গাড়ির তেমন চাপ দেখা যায়নি। অন্যান্য বছরে মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, মদনপুর ও মোগড়াপাড়া পয়েন্টে যানজট থাকলেও এবার চিত্র ভিন্ন। তবে বিভিন্ন গণপরিবহনের কাউন্টারগুলোতে গাড়ির জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা অংশে গাড়ির চাপ ছিল না।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোল্যা তাসলিম হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে কোথাও কোনো যানজট নেই। মহাসড়ক একবারে ফাঁকা। গত পাঁচ বছরে গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক ঈদের আগে এমন ফাঁকা যায়নি বলে তিনি জানান।
মহাসড়ক ফাঁকা হওয়ার কারণ হিসেবে তাসলিম হোসেন বলেন, মহাসড়ক ও সড়কগুলো ভালো হওয়ায় গাড়ি স্বাভাবিকভাবে গন্তব্যে গিয়ে ফিরে আসতে পারছে। সরকারি ছুটি কম এবং ঈদের পর শিক্ষার্থীদের পরীক্ষাসহ নানা কারণে এবার ঈদে ঘরমুখী মানুষের চাপ কম লক্ষ করা গেছে।