ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনভর যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের বর্ষণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ার কারণে গতকাল শুক্রবার মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার কুর্ণী থেকে বাঐখোলা পর্যন্ত গতকাল দিনভর যানজট লেগে ছিল। মহাসড়কে সংস্কারকাজ চালু থাকায় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় এ যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে উপজেলার মেঘনা-গোমতী সেতুর ওপর চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান বিকল হলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ এক ঘণ্টার মধ্যে বিকল কাভার্ড ভ্যানটি সরালেও অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে এবং মহাসড়কের দাউদকান্দি অংশে গর্ত সৃষ্টি হওয়ায় যানজট তীব্র হয়। দিনভর যানজটে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগ পোহায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, রাতভর টানা বর্ষণে মহাসড়কে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় এবং অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচল করতে গিয়ে যানবাহনের গতি কমে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার কুর্ণী থেকে বাঐখোলা পর্যন্ত গতকাল দিনভর যানজট লেগে ছিল।
গতকাল সকাল থেকে মহাসড়কে মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় সংস্কারকাজ শুরু হয়। এর পর থেকেই যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়া হলেও যানবাহনের চাপ বেশি থাকায় দিনভর যানজট অব্যাহত ছিল। বিকেল পাঁচটার দিকে সংস্কারকাজ বন্ধ হলে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি যোবাইদুল আলম বলেন, আগে যেতে হবে এমন মানসিকতায় কিছু যানবাহনের চালক নিয়ম না মেনে যানবাহন চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। তবে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দিনভর পরিশ্রম করেছে।