ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে দুটি ট্রেন বিকল
চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনের দুটি বগির স্প্রিং বসে যাওয়ায় ট্রেনটি গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে বিকল হয়ে যায়। মেরামত শেষে ট্রেনটি বেলা সাড়ে তিনটার দিকে ভৈরবে পৌঁছালে তখন এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে।এদিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন মাধবপুরের মনতলা স্টেশন এলাকায় বেলা দেড়টার দিকে বিকল হয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে অতিরিক্ত ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে ঢাকার পথে টেনে নেয়। এতে ট্রেনটির প্রায় তিন ঘণ্টা যাত্রা বিলম্ব হয়। দুর্ভোগে পড়েন ট্রেন দুটির কয়েক হাজার যাত্রী।মহানগর প্রভাতীর পরিচালক নুরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, সকালে যাত্রীবাহী ওই ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসছিল। দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছার পর ট্রেনটির দুটি বগির স্প্রিং বসে যায়। এতে স্টেশনে আটকা পড়ে ট্রেনটি। বগি দুটিতে অতিরিক্ত যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।দুর্ঘটনার পর বসে যাওয়া দুটি বগি ও ট্রেনের ছাদ থেকে যাত্রীদের নামানোর চেষ্টা করেন স্টেশনের কর্মীরা। এ জন্য স্টেশনমাস্টার অমৃত লাল সরকার মাইকিংও করেন। কিন্তু কথা শুনছিলেন না যাত্রীরা। এ ব্যাপারে রেলওয়ে পুলিশও (জিআরপি) কোনো উদ্যোগ নেয়নি।রেলওয়ের আখাউড়া জংশনের যান্ত্রিক বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী টি এ চৌধুরী প্রথম আলোকে বলেন, অতিরিক্ত যাত্রীর ভারে মহানগর প্রভাতী ট্রেন বিকল হয়ে পড়ে।