ঢাকা-চট্টগ্রাম নৌপথ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নৌপথ পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী বছরের মার্চ থেকে পথটিকে আরও সক্রিয় করতে ৪০ কিলোমিটার নদীপথ খনন করা হবে। ছয়টি স্থানে নৌযান রাখার স্থান বা ভেসেল শেল্টার স্থাপন করা হবে। ১৪টি লঞ্চ টার্মিনালের উন্নয়নকাজ করা হবে।
রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) আয়োজিত এক কর্মশালায় এ কথা জানানো হয়। নৌপরিবহন করিডরের পরিবেশ ও সামাজিক প্রভাব নিরূপণ সমীক্ষার অংশ হিসেবে গতকাল বুধবার এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জানানো হয়, বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় নৌপরিবহন করিডরের সমীক্ষার কাজটি করেছে আইডব্লিউএম। ২০১৬ সালের মার্চ থেকে প্রকল্পের মূল অবকাঠামোর কাজ শুরু হবে। এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি মার্কিন ডলার। শুরুতে ওই নৌ করিডর দিয়ে জাহাজের কনটেইনার এবং পরবর্তী সময়ে যাত্রী পরিবহন করা হবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, দেশের অভ্যন্তরীণ নৌচলাচলের ৮০ শতাংশ ঢাকা-চট্টগ্রাম রুটে হয়। প্রতিদিন ওই পথে কমপক্ষে দুই লাখ লোক যাতায়াত করে। পথটি অভ্যন্তরীণ রুট এবং বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহনসচিব শফিক আলম মেহেদি বলেন, ঢাকা-চট্টগ্রাম নৌপথকে আরও সক্রিয় করতে সরকার এই পরিকল্পনা নিয়েছে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। পণ্য পরিবহনের খরচ কমে আসবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। প্রকল্প পরিচালক ও বিআইডব্লিউটিএর পরিচালক (পরিকল্পনা) মাহমুদ হাসান সেলিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
আইডব্লিউএমের নির্বাহী পরিচালক এম মনোয়ার হোসেন ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ নৌপরিবহন করিডর প্রকল্পের কর্মশালায় পরিবেশ ও সামাজিক প্রভাবের ওপর তাঁর উপস্থাপনা তুলে ধরেন। সড়ক পরিবহনব্যবস্থার ওপর চাপ কমাতে এবং ঢাকা-চট্টগ্রাম নৌ রুটে পণ্য ও যাত্রী পরিবহনব্যবস্থার উন্নয়ন এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলে তিনি জানান।