ঢাকা-চট্টগ্রাম বাস চলাচলে নিষেধাজ্ঞা!
বিএনপির মহাসমাবেশের কারণে ঢাকা-চট্টগ্রাম বাস চলাচলে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এ পথে এসি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে অভিযোগ উঠলেও প্রশাসন অথবা পরিবহন-সংশ্লিষ্ট কেউ তা স্বীকার করছে না। পরিবহন-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেছেন, আজ রোববার চট্টগ্রাম থেকে কোনো শীতাতপনিয়ন্ত্রিত বাস ঢাকায় যাবে না। একইভাবে ঢাকা থেকেও কোনো বাস চট্টগ্রাম আসবে না। টিআর ট্রাভেলসের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল দাশ বলেন, ‘আমাদের পুলিশ প্রশাসন কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তবে আমরা গাড়ির নিরাপত্তার খাতিরে ১১ ও ১২ মার্চ গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এদিকে, সাধারণ যাত্রীরা বিভিন্ন বাস কাউন্টারে অগ্রিম টিকিটের জন্য গিয়ে ফেরত গেছেন। তাঁরা জানান, কোনো বাস ঢাকায় যাবে না বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘বাস চলাচলের ওপর পুলিশ কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তবে আমাদের নিরাপত্তাচৌকি কাজ করবে।’ তবে এসি বাস না চললেও সাধারণ কিছু বাস ও ট্রেন চলাচল করবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। আন্তজেলা বাস মালিক সমিতির উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের অনেক গাড়ি বিএনপি রিজার্ভ করেছে। তবে তাতে আমাদের প্রতিদিনের ঢাকা-চট্টগ্রামগামী কোনো পরিবহনে সমস্যা হবে না।’