সীতাকুণ্ডের সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের তছলিম উদ্দীন (১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র একটি রি-রোলিং মিল কারখানার স্ক্র্যাপবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্রছাত্রী ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
এ সময় ওই কারখানার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য ও উত্তেজিত এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে ছয় ছাত্র ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম, ওই বিদ্যালয়ের ছাত্র ইকবাল হোসেন (১৫), সেকান্দর হোসেন (১৪), শাহীন আলম (১৫), মো. তারেক (১৫), রিয়াজুল ইসলাম (১৪), রবিউল হোসেনসহ (১২) অজ্ঞাতনামা তিন এলাকাবাসী।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে এসে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে মহাসড়ক অবরোধের ফলে উভয় দিকে অন্তত ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয়েছে রোগীসহ যাত্রীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের নাশতার বিরতিতে ষষ্ঠ শ্রেণীর ছাত্র তছলিম বাড়ি যাচ্ছিল। এ সময় ওই এলাকায় অবস্থিত বিএসআরএম রি-রোলিং মিলের একটি স্ক্র্যাপবাহী ট্রাক কারখানায় প্রবেশের সময় তাকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পরে ওই বিদ্যালয়ের কার্যালয়ে বিএসআরএম কর্তৃপক্ষের প্রতিনিধি মাঈন উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও স্থানীয় চেয়ারম্যানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দ ীন প্রথম আলোকে বলেন, প্রশাসন, নিহত ছাত্রের পরিবার ও কারখানার কর্তৃপক্ষের ত্রিপক্ষীয় বৈঠকে ওই পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়।