ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের কাজ এ বছরই শেষ হবে: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ এ বছরই শেষ হবে। তিনি বলেন, প্রকল্পের আওতায় এই মহাসড়কে মাটি ভরাটের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে।
মন্ত্রী আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে আরও বলেন, চলতি বছরের শেষ নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে বলে আশা করা যায়। এই মহাসড়কের ১৯০ কিলোমিটারের মধ্যে ৬৬ কিলোমিটার চার লেনের কার্পেটিংয়ের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খবর বাসসের
সরকারি দলের মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্পে এ পর্যন্ত এক হাজার ৩৬৯ কোটি নয় লাখ টাকা ব্যয় হয়েছে। এই প্রকল্পে শুরু থেকে এই পর্যন্ত এক হাজার ৬২১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনকল্পে সরকার অনেক উদ্যোগ নিয়েছে। যানজট নিরসনে অনেক সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, ঢাকা শহরের পূর্ব-পশ্চিম যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে শহরের যানজট নিরসনে এক হাজার ৭৯৩ মিটার দীর্ঘ রাষ্ট্রপতি জিল্লুর রহমান ফ্লাইওভার (মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার) নির্মাণ করা হয়েছে।