ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানড়া এলাকা থেকে চান্দিনার হাড়িখোলা পর্যন্ত ২৭ কিলোমিটার ছাড়িয়ে গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন অগণিত যাত্রী।

হাইওয়ে পুলিশ, আটকে পড়া যাত্রী ও চালকেরা জানান, আজ ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির টামটা এলাকায় চট্টগ্রামগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক ও ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে যানজট দেখা দেয়। দুর্ঘটনার আধা ঘণ্টার মধ্যে কাভার্ডভ্যানটি ও সকাল ১০টার পর ট্রাকটি সরিয়ে নিলেও অতিরিক্ত যানবাহন ও এলোপাতাড়ি  চলাচলের কারণে যানজট কমছে না। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ২৭ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে প্রচণ্ড গরমে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকাগামী যাত্রীসেবা বাসের চালক আবুল কালাম বলেন, সকাল সাতটায় চান্দিনায় যানজটে পড়ে পৌনে ১১টা পর্যন্ত দাউদকান্দি পার হতে পারেননি।

চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের চালক শহীদ মিয়া (৫০) বলেন, ভোর ছয়টায় দাউদকান্দির রায়পুরে যানজটে আটকা পড়ে সাড়ে পাঁচ ঘণ্টায়ও ২৪ কিলোমিটার পথ যেতে পারেননি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির  ইনচার্জ  সার্জেন্ট  মো. হাসান  বলেন, দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।