ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দাউদকান্দি উপজেলার শহীদনগর পর্যন্ত আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহন বিকল, ঈদ সামনে রেখে চাপ, এলোপাতাড়ি যান চলাচল ও মহাসড়কে গর্ত এই যানজটের অন্যতম কারণ।

হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী যাত্রীরা জানান, ভোর চারটার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ও চান্দিনা উপজেলার মাধাইয়ায় গরুবাহী দুটি ট্রাক বিকল হয়। প্রায় একই সময় চান্দিনা উপজেলার কুটুম্বপুরে ঢাকাগামী একটি বাস বিকল হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. আরশাদ বলেন, বিকল হওয়া যানবাহন তিনটি আধঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়। কিন্তু ঈদ সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ আছে। দাউদকান্দির তিনটি অংশে মহাসড়কে গর্ত। এতে যানবাহনগুলো এলোপাতাড়ি চলছে। এসব কারণে চান্দিনা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দাউদকান্দি উপজেলার শহীদনগর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসের চালক জহিরুল ইসলাম বলেন, ভোর ছয়টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে চান্দিনায় এসে যানজটে আটকা পড়েন তিনি। এতে এক ঘণ্টার পথ পাড়ি দিতে তাঁর তিন ঘণ্টা লাগে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাকের চালক আবদুস সালাম বলেন, ভোর সাড়ে চারটায় চান্দিনায় এসে যানজটে আটকা পড়েন তিনি। ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর সাড়ে তিন ঘণ্টা লেগেছে।
গত কয়েক দিনের টানা বর্ষণে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ, হরিপুর ও জিংলাতলীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গর্ত সৃষ্টি হয়েছে। কিন্তু ওই গর্তগুলো এখনো মেরামত না করায় যান চলাচল ব্যাহত হচ্ছে বলে চালকেরা অভিযোগ করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল্লাহ পাটোয়ারী বলেন, মহাসড়কে গর্তের কারণে যানবাহনের গতি কমে যাচ্ছে। এ অবস্থায় ঈদ সামনে রেখে অতিরিক্ত যানবাহনের চাপে যানজট বাড়ছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক জয়প্রদ মণ্ডল দাবি করেন, বৃষ্টির কারণে মহাসড়কের গর্ত মেরামত করা যাচ্ছে না।