ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের যুবলীগের সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই দাবিতে তাঁরা গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম সড়কের চার কিলোমিটারে মানববন্ধন করেন।
গতকাল সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার দত্তসার থেকে ভাজনকরা পর্যন্ত চার কিলোমিটারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে ওই হত্যা মামলার প্রধান আসামি আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। অন্যথায় দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
এ সময় মহাসড়কের পদুয়া এলাকায় বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জিহাদ হোসেন ও আলকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কবির উদ্দিন।
৮ জানুয়ারি রাত সাড়ে নয়টায় মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় কুপিয়ে, হাত-পায়ের রগ কেটে ও গুলি করে জামাল উদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় ১১ জানুয়ারি জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেন।