ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার হাসানপুরে সাড়ে নয় ঘণ্টা ধরে তীব্র যানজট চলছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। গতকাল শুক্রবার দিবাগত রাত একটা থেকে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানজট চলছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও গাড়ির যাত্রীদের ভাষ্য, গতকাল রাত একটার দিকে চট্টগ্রামগামী সবজিবোঝাই একটি ট্রাক মহাসড়কে উল্টে যায়। এতে দাউদকান্দির বিশ্বরোড এলাকা থেকে চান্দিনার কুটুম্বপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয় । দেড় ঘণ্টার মধ্যে হাইওয়ে পুলিশ ট্রাকটি অন্য জায়গায় সরিয়ে নেয়। কিন্তু গাড়ির চাপে যানজট বাড়তে থাকে।
যানজটে আটকে পড়া ঢাকাগামী ট্রাকের চালক আবদুল মমিন বলেন, ভোর চারটার দিকে চান্দিনার কুটুম্বর এলাকায় তিনি যানজটে আটকা পড়েন। সকাল সাড়ে আটটার পরও তিনি দাউদকান্দি পার হতে পারেননি।
আটকে পড়া চান্দিনার মাধাইয়া ছাদিম উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. রুহুল আমিন বলেন, ঢাকাগামী গাড়িগুলো রাস্তার একপাশ দিয়ে চলাচল করলেও চট্টগ্রামগামী কোনো গাড়ি চলছে না।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাতভর টানা বর্ষণে মহাসড়কে বিভিন্ন স্থানে গর্ত হওয়ায় ও অতিরিক্ত গাড়ির কারণে যানজট সৃষ্টি হয়েছে।
মহাসড়কের চার লেন প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক জয়প্রদ মণ্ডল বলেন, বৃষ্টির কারণে গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টি শেষ হওয়ায় গর্ত ভরাট করা যাচ্ছে না।