ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট
সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি বিশ্বরোড এলাকা থেকে ইলিয়টগঞ্জের কামতা এলাকা পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় ঢাকাগামী লোহাবোঝাই একটি কাভার্ড ভ্যানের সঙ্গে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এর ফলে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সকাল ১০টার দিকে দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আইন ) শাহিনুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, রেকার এনে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সরানোর চেষ্টা চলছে।
ঢাকা থেকে নোয়াখালীর রায়পুরগামী স্টার লাইন পরিবহনের চালক শামীম আহমেদ বলেন, ‘ভোর পাঁচটায় ঢাকা থেকে রওনা দিয়ে ছয় ঘণ্টার মধ্যে রায়পুর পৌঁছার কথা। কিন্তু যানজটে আটকা পড়ে দাউদকান্দির গৌরীপুর অংশ অতিক্রম করতে পারিনি।’
দাউদকান্দির পিপিয়াকান্দি গ্রামের আবুল হাশেম বলেন, ভোর ছয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে দাউদকান্দির হাসানপুর এলাকায় যানজটে আটকা পড়েন। পরে স্ত্রী আকলিমা আক্তার, ১০ বছরের মেয়ে ফারিয়া, আট বছরের ছেলে সায়রুস, ছয় মাসের মেয়ে ফাইজাকে নিয়ে পাঁচ কিলোমিটার পথ হেঁটে এসেছেন তিনি।