ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার কুমিল্লার চান্দিনা থেকে গৌরিপুর পর্যন্ত ২৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পৃথক চারটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এই যানজটের ফলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত যানজটে আটকে পড়া গাড়িগুলো খুব ধীর গতিতে এগোচ্ছিল।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. হাসান বলেন, আজ ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে এটি রাস্তার ওপর উল্টে যায়। এ থেকে যানজটের সূত্রপাত।

আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত মহাসড়কে দাউদকান্দির দৌলতপুর ও চান্দিনার নুরীতলায় আরও তিনটি কাভার্ডভ্যান দুর্ঘটনার শিকার হয়। সর্বশেষ দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও সহকারী আহত হন। এসব দুর্ঘটনায় মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে।

সার্জেন্ট মো. হাসান বলেন, দুর্ঘটনাকবলিত চারটি কাভার্ডভ্যানই দুপুর ১২টার মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আজ ছুটির দিন হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে যানজট আরও বাড়তে থাকে।