ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে থাকা গাড়ির দীর্ঘ লাইন। ছবিটি দাউদকান্দির আমিরাবাদ থেকে তুলেছেন আবদুর রহমান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে থাকা গাড়ির দীর্ঘ লাইন। ছবিটি দাউদকান্দির আমিরাবাদ থেকে তুলেছেন আবদুর রহমান

কুমিল্লার নিমসার এলাকা থেকে দাউদকান্দির গৌরীপুর এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর ছয়টার দিকে চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ট্রাক ও বড় লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় যানজটের সৃষ্টি হয়। তবে বেলা দেড়টার দিকে ধীর গতিতে যানবাহন চলতে শুরু করে। হাইওয়ে পুলিশ, যানবাহনের যাত্রী ও চালকেরা জানান, সকালে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক ও চট্টগ্রামগামী একটি বড় লরির মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি উল্টে গেলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা কুমিল্লার নিমসার এলাকা থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত গিয়ে পৌঁছে। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে যাত্রীদের, বিশেষ করে রোগী, শিশু, বৃদ্ধ ও নারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলার হরিপুরে যানজটে আটকে থাকা কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাকের চালক আবদুল বাতেন বলেন, সকাল সাতটায় নিমসার এলাকায় এসে তীব্র যানজটে আটকা পড়ে দাউদকান্দির হরিপুরে পৌঁছাতে দুপুর ১২টা বেজেছে। ঢাকা থেকে নোয়াখালীগামী বাসের যাত্রী চিকিত্সক আবদুর রশিদ সরকার জানান, সকাল আটটায় দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় এসে যানজটে আটকা পড়ে নিমসার এলাকা পর্যন্ত ২৪ কিলোমিটার পথ পার হতে চার ঘণ্টা সময় লেগেছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. হাসান বলেন, দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে রেকার এনে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আজ ছুটির দিন হওয়ায় সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং আমিরাবাদ সেতু এলাকায় ভাঙা সড়কের কারণে যানবাহনের গতি কমে যাওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে।