ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

মেঘনা-গোমতী সেতুর ওপর দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই যানজট মেঘনা-গোমতী সেতু থেকে কুমিল্লার চান্দিনার কুটম্বপুর ছাড়িয়ে গেছে।
যানজটে আটকে পড়া যানবাহন গড়ে ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে এগোচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গজারিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, রাত একটার দিকে মেঘনা-গোমতী সেতুর ওপর দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত হয়নি। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে সেতুর ওপর দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত ভ্যান দুটি সরিয়ে নিলেও যান চলাচল স্বাভাবিক হয়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঈদে ঘরমুখো মানুষের কারণে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। এতে যানজট আরও দীর্ঘ হয়েছে। ঢাকা থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত মহাসড়ক চার লেন থাকলেও এরপরই মহাসড়কে কেবল দুই লেন। এ জন্য যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

